তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প, প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে চীনের রাষ্ট্রদূত ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার (১৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে প্রধান উপদেষ্টার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দুজনের মধ্যে সাক্ষাৎটি আন্তরিক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই পক্ষ পারস্পরিক আগ্রহ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প বিষয়ে চীনের রাষ্ট্রদূত বলেন, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন। চলমান প্রযুক্তিগত সমীক্ষা দ্রুত সম্পন্ন করতে চীনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।
বৈঠকে প্রস্তাবিত বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল নিয়েও আলোচনা হয়, যা স্বাস্থ্যখাতে দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণে চীন সরকারের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আসন্ন জাতীয় নির্বাচন সফলভাবে অনুষ্ঠানে শুভকামনা জানান তিনি।
বৈঠক শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দ্বিপক্ষী সম্পর্কের ইতিবাচক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতা আরও জোরদার করার সম্মিলিত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
সূত্র :বাংলাদেশ জার্নাল